সুপ্রিম কোর্ট বারে নিরঙ্কুশ জয় আ.লীগের

শুক্রবার (১৭ মার্চ) প্রথম প্রহরে সমিতির মোমতাজ উদ্দিন ফকির ও আব্দুন নুর দুলাল উভয়েই নিজেদের বিজয়ী হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, ভোট গণনা শেষ হয়েছে। সবকটি পদে আমরা বিজয়ী হয়েছি।
সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল পুনর্নির্বাচিত হয়েছেন। মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দুদিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) ভোটগ্রহণের প্রথম দিন ছিল বুধবার। ভোটের আগের দিন মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিচারপতি মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগ করলে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওইদিন রাত ৮টার দিকে আইনজীবী সমিতির তৃতীয় তলায় সেমিনার কক্ষে বক্সে রাখা ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে।
সুপ্রিম কোর্ট বারের ২০২৩-২৪ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।
সাদা প্যানেলের অন্য বিজয়ী প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল ও হারুনুর রশিদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী সাত প্রার্থী হলেন- মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।
অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করেন।

