বরিশালে ১২৬ কেন্দ্রের ৮৮টি অধিক ঝুঁকিপূর্ণ

নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেইসঙ্গে তারা নির্বাচনী বিধি মেনে চলার হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আচরণবিধি সমুন্নত রাখতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে অপরাধ রোধ এবং আচরণবিধি প্রতিপালনের জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরইমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। তারা ভোটের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে ১০ জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তারা হলেন- ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সুব্রত বিশ্বাস দাস, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কামরুন্নাহার তামান্না, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে মহিন উদ্দিন, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে আবু আবদল্লাহ খান, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে রয়া ত্রিপুরা, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে দেবযানী কর, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে অংমাচিং মারমা, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে মুশফিকুর রহমান এবং ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে জাবেদ হোসেন চৌধুরী।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা এরইমধ্যে চেকপোস্ট বসিয়েছি, সেখান থেকে বেশ কিছু যানবাহন আটক করেছি। দুয়েক দিনের মধ্যে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হবে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা মাস্তানি করতে পারে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাঠে আমাদের বিশেষ শাখার পুলিশ সদস্যরাও কাজ করছেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি মোবাইল টিম রাখার কথা বলেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী ৩০ ওয়ার্ডে ৩০টি মোবাইল টিমের প্রয়োজন হলেও আমরা বাড়িয়ে ৪৮টি করেছি। বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে আমাদের গাড়ি যাবে না, সেখানে মোটরসাইকেলে মোবাইল টিমের ব্যবস্থা রাখা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জনের ফোর্সের জায়গায় ৭ জন দেয়া হচ্ছে। শুধু ৭ জন পুলিশ সদস্যই নয়, আনসার সদস্য মিলিয়ে এসব কেন্দ্রে ১৮-১৯ জন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। এছাড়া ১৫-২০ জন পুলিশ সদস্য মিলিয়ে পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স রাখা হবে। সেইসঙ্গে থাকবে স্ট্যান্ডবাই ফোর্স।
বরিশাল সিটি করপোরেশনের সহকারী রির্টানিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সাধারণ কেন্দ্রগুলোয় ২০ থেকে ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। তবে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৪ থেকে ৫ জন সদস্য বেশি থাকবেন। পাশাপাশি সব কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
প্রসঙ্গত, আগামী ১২ জুন ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।
এবার মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

