ফের কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা

বুধবার (৫ জুলাই) রাজধানীর বাজারগুলোতে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৩২০ টাকা কেজি দরে।
এদিকে মরিচের দাম হু হু করে বেড়ে যাওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রেতা সাধারণের অভিযোগ আমদানিকৃত মরিচ বাজারে এলেও সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।
আর ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ কম থাকায় আমদানি দিয়ে দামে লাগাম টানা যাচ্ছে না। সরবরাহ কম হওয়াতে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১৫০ টাকা বেড়ে গেছে।
আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ১৩০ টাকা। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৫০০ থেকে ৫১০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, পাল্লা প্রতি (৫ কেজি) মরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে ২০৫০ থেকে ২১০০ টাকায়। অর্থাৎ কেজি পড়ছে ৪৫০ টাকা। এর মাঝে কিছুটা বাদ যাবে, গাড়ি ভাড়া আছে। এরপর যা থাকে সেটা লাভ।

