নতুন শিক্ষাক্রম সার্টিফিকেটধারী শ্রমিক তৈরীর কারখানা

এসময় তারা নতুন শিক্ষা কারিকুলাম বাতিলসহ ৮ দফা দাবি
দ্রুত বাস্তবায়নের দাবি জানান। দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর
শিক্ষামন্ত্রী ও দেশের সকল সকল জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে
স্মারকলিপি প্রদান এবং ২২ ডিসেম্বর অভিভাবক ও শিক্ষাবিদদের নিয়ে মতবিনিময়
সভা আয়োজনের ঘোষণা দেন।
মানববন্ধনে সম্মিলিত শিক্ষা আন্দোলনের
আহ্বায়ক রাখাল রাহা বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা তাত্ত্বিক কিছুই
শিখছে না। গুগলের সহায়তায় তারা বিভিন্ন কাজ কপি করে জমা দিচ্ছে। তাছাড়া
কারিকুলামে বিজ্ঞান ও গণিতের পরিসর সংকোচন করা হয়েছে। ফলে বিদেশে গিয়ে যারা
উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তাদের সুযোগ কমে গেছে।
তিনি আরো বলেন,
বলা হচ্ছে বিদেশের সাথে মিল রেখে আমাদের শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা
হয়েছে। কিন্তু আমাদের শিক্ষকদের মান, শিক্ষার্থীর সংখ্যা,
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শ্রেণীকক্ষ সংখ্যা কোনটিই বিদেশের মত অবস্থায়
নেই। নতুন কারিকুলামে এসব বাস্তবতা বিবেচনা করা হয়নি।
সেন্ট জোসেফ
স্কুল এন্ড কলেজের শিক্ষক ডালিয়া পারভীন বলেন, আমার ছেলে বিজ্ঞান পরীক্ষায়
বাসার এসি-ফ্রিজের মতো যেকোনো একটি ডিভাইসের উপর পোস্টার বানিয়ে নিতে বলা
হয়েছে। সে ইন্টারনেট থেকে দেখে দেখে এই ব্যপারে পোস্টার বানিয়েছে। কিন্তু
গ্রামের একটা শিক্ষার্থীর এ ধরনের ডিভাইস বা ইন্টারনেট সার্ভিস নেই।
শিক্ষাব্যবস্থায় কী গ্রামের এই কৃষক-শ্রমিকের বাচ্চাটির কথা বিবেচনা করা
হয়েছে? সেটা করা হয়নি।
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের
শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম বলেন, আমরা জানতাম শিক্ষা জাতির মেরুদণ্ড।
কিন্তু শিক্ষাগ্রহণ করার পর একটি জাতি যে মেরুদণ্ডহীন হতে পারে, তার
ব্যবস্থা এই নতুন কারিকুলাম করেছে।
আরেক অভিভাবক ফাতেমা সুলতানা
বলেন, শিক্ষার্থীদের দীর্ঘসময় অনলাইনে থাকতে হচ্ছে। একজন শিক্ষার্থী কোন
সাইটে যাচ্ছে, কি দেখছে তার প্রতি সার্বক্ষণিক খেয়াল রাখা তো অভিভাবকের
পক্ষে সম্ভব নয়। তাদের অনেকেই অল্প বয়সে বিভিন্ন নিষিদ্ধ সাইটে চলে যেতে
পারে। তাছাড়া, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা শিক্ষকদের হাত জিম্মি হয়ে
গেছে। সম্পূর্ণ মূল্যায়ন শিক্ষকের হাতে থাকায় ভালো পড়ানোর যে তাড়না, তাও
শিক্ষকরা হারিয়ে ফেলবেন।
নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মুসলিম বলেন, শিক্ষা কারিকুলাম একটি অত্যন্ত
জনগুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তা তৈরিতে কতজন অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদের
সাথে আলোচনা করা হয়েছে! এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা সার্টিফিকেটধারী
লেবার হবে। পরে দেশের বাইরে থেকে চুক্তিভিত্তিক লোক এনে দেশ পরিচালনা করা
লাগবে।
এসময় আন্দোলনকারীরা ৮দফা দাবি পেশ করেন। ৮টি দফা হলো:
১. শিক্ষানীতি বিরোধী নতুন কারিকুলাম সম্পূর্ণ বাতিল করা।
২. নম্বর ভিত্তিক দুইটি সাময়িক লিখিত পরীক্ষা (৬০ নাম্বার) এবং ধারাবাহিক মূল্যায়ন হিসেবে ৪০ নম্বর রাখা।
৩. নবম শ্রেণী থেকেই শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচনের সুযোগ অথবা বিজ্ঞান বিভাগ রাখা।
৪. ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি নির্দেশক বাতিল করে নম্বর ও গ্রেডভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখা।
৫. সকল সময়ে সকল শিখন, প্রজেক্ট ও অভিজ্ঞতা ভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকে বহন করাএবং স্কুল পিরিয়ডেই সকল প্রজেক্ট সম্পন্ন করা।
৬. শিক্ষার্থীদের দলগত ও প্রজেক্টের কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করা এবং তাত্ত্বিক বিষয়ে অধ্যয়নমুখী করা।
৭.
প্রতি বছর ক্লাসে নিবন্ধন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল করা, প্রাথমিক ও
জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু রাখা এবং এসএসসি ও এইচএসসি দুইটি পাবলিক
পরীক্ষা বহাল রাখা।
৮. সকল শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অবশ্যই তা মন্ত্রী পরিষদ এবং সংসদে উত্থাপন করা।

