পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৩

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার ইব্রাহীম খানের ছেলে আনিস খান (২৪) ও আব্দুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩)। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপ। পিকআপটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলে দুইজন মারা যান এবং চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ছিলেন না বলে দাবি স্থানীয়দের।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

