ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

নিউইয়র্কের নাসাই ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। হামলার হুমকি আসার পর পুরো নিউইয়র্ক জুড়ে নিরাপত্তা জোরদার করছে অঙ্গরাজ্যটির সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল জানিয়েছেন, খেলাগুলো সুষ্ঠুভাবে হতে পারে, সেজন্য সব ধরনের নিরাপত্তা নিয়ে কাজ করছে অঙ্গরাজ্যের সরকার। ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তার প্রশাসন।
আরো পড়ুন: ঝড়ে লণ্ডভণ্ড স্টেডিয়াম, উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা
ক্যাথি হোসুল বলেন, ‘আমি নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশকে আইন প্রয়োগকারী সংস্থার বর্ধিত উপস্থিতি, উন্নত নজরদারি এবং পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনিং প্রক্রিয়া সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত করার নির্দেশ দিয়েছি। জননিরাপত্তা আমার সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা ক্রিকেট বিশ্বকাপকে নিরাপদ, উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তবে ক্রিকইনফো জানতে পেরেছে, হুমকির অগ্রগতি নিয়ে এখনো কোনো প্রমাণ খুঁজে পায়নি কর্তৃপক্ষ। তবে আইসিসি বলছে, নিউইয়র্ক ভেন্যুসহ পুরো টুর্নামেন্ট জুড়ে নিরাপত্তা 'সুদৃঢ়' হবে।
ক্রিকইনফো আরও জানিয়েছে, আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘ইভেন্টে প্রত্যেকের নিরাপত্তা এবং নিরাপত্তা আমাদের এক নম্বর অগ্রাধিকার এবং আমাদের কাছে একটি ব্যাপক এবং শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের আয়োজক দেশগুলোর কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং ক্রমাগত বিশ্বব্যাপী ল্যান্ডস্কেপ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করি। আমাদের ইভেন্টে চিহ্নিত যেকোনো ঝুঁকি কমানোর জন্য উপযুক্ত পরিকল্পনা রয়েছে।’

