বেনাপোলে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি:যশোরের বেনাপোলে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেনাপোল চাত্রের বিলে আয়োজিত সভায় টুর্নামেন্টের আয়োজন, সার্বিক প্রস্তুতি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বেনাপোল ক্রীড়া একাডেমির সভাপতি মো. ইমদাদুল হক ইমদাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর।
সভায় আরো উপস্থিত ছিলেন,মো.আব্দুল বাসেতকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মো. আসাদুজ্জামান। সহসভাপতি করা হয়েছে মো. আইয়ুব হোসেন নবী, মোস্তাফিজুর রহমান বাবু, মো. নজরুল ইসলাম, মো. জনি হায়দার, মো. মফিজুর রহমান মফিজ ও মো. নাজমুল হাসান শান্তিকে। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন মো. গোলাম মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম এ ছাড়া কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। কার্যনির্বাহী সদস্যসহ কমিটিতে মোট ৫১ জন সদস্য রয়েছে।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ ও যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেনাপোলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং প্রতিভাবানদের যথাযথ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
নবগঠিত কমিটির সদস্যরা বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করা এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।বেনাপোল ক্রীড়া একাডেমির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

