সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা ও সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. খোকন ব্যাপারী (৪৮), সিরাজগঞ্জ পৌরসভার চররায়পুর ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সহসভাপতি মো. শাহ আলম (৫৩) ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নভেম্বরের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত এ ধরনের অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

