মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৯০ কোটি টাকার বেশি চোরাচালানি মালামাল আটক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৯০ কোটি টাকার বেশি চোরাচালানি মালামাল আটক
ছবি: প্রতিনিধি

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৯০ কোটি টাকার বেশি চোরাচালানি মালামাল আটক

সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল

বেনাপোল প্রতিনিধি:

দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমান প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিজিবি যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এ বিশাল সীমান্ত এলাকায় যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে।

বিজিবির নিরলস প্রচেষ্টায় ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৯ জন আসামিসহ সর্বমোট ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯.৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪.২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি। এছাড়া ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮.৭৭১ কেজি হেরোইন, ২১৮.৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭.০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট উল্লেখযোগ্য।

শার্শা ও চৌগাছায় ৭ কোটি টাকার মালামাল আটক

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে যশোর জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আটজনকে আটক করা হয়েছে। এ সময় সর্বমোট ৭ কোটি ৩১ লাখ ৬ হাজার ৬৩৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

আটক মালামালের মধ্যে রয়েছে ১১৬.৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, শাল-চাদর ও কসমেটিকস। এছাড়া ২১৯ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭.৩ কেজি গাঁজা এবং ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তায় বাড়ানো হয়েছে নজরদারি

দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অব্যাহত রয়েছে গোয়েন্দা কার্যক্রম।

রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত নিরাপত্তায় জনগণের সহযোগিতা কামনা

সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে কিংবা কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের সচেতনতা ও সহযোগিতা সীমান্তকে আরও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান

বিজিবি স্পষ্ট জানিয়েছে, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বাহিনীটি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পরিশেষে, সীমান্তের নিরাপত্তা রক্ষা, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সীমান্তবর্তী জনগণের পাশে রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।