বেনাপোলে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

বেনাপোলে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ১৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৫টি শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, ৭ দশমিক ৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সন পাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ঔষধ এবং ৪ হাজার ২২টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত এসব ভারতীয় চোরাচালান পণ্যের সর্বমোট মূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রকে আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

