শার্শা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুল আটক

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুল আটক
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত নিজামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুলকে আটক করেছে শার্শা থানা পুলিশ। নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক সেলিম রেজা বিপুল (৪৮) শার্শা থানার কেরাখালী গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত নিজামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শার্শা থানাধীন নিজামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সেলিম রেজা বিপুলকে আটক করা হয়।
তার বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জি.আর. নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
মামলাটি দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক সেলিম রেজা বিপুলকে ২৪ নভেম্বর ২০২৬ তারিখে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শার্শা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

