অপহৃতকে উদ্ধারসহ ২ অপহরণকারী গ্রেপ্তার

র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বুধবার (৩১ মে) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ মে রাজধানী কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় একটি নির্মানাধীন ভবনের পাশে টিনশেট ঘরে ভিকটিম বিপ্লবের সঙ্গে তার ঠিকাদার ব্যবসায়ী বন্ধু হাসানুল ইসলাম স্বপন দেখা করতে আসে।
স্বপন ও বিপ্লব এর মধ্যে আলোচনার একপর্যায় গ্রেপ্তারকৃত দুজন ছাড়াও ইব্রাহিম (২০), আব্দুল জলিল (৪৫) ও রিপন (২৫) মিলে দুই বন্ধুকে আটক করে ধারালো চাকুর ভয়ভীতি দেখিয়ে মারধর করাসহ স্বপনের সঙ্গে থাকা নগদ ১২ হাজার ৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আরো ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে আরো ৯০০ টাকা দেয়া হয়। এক পর্যায়ে বাকী টাকার জন্য বিপ্লবকে আটকে রেখে স্বপনকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ছাড়া টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, ছাড়া পেয়ে গত ২৯ মে স্বপন তার বন্ধু বিপ্লবকে উদ্ধারের জন্য অধিনায়ক, র্যাব-১০ বরাবর একটি অভিযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ মে মঙ্গলবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর এলাকার উক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করাসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

