ধানমন্ডি ৩২ নম্বরে বিস্ফোরণে সেই ২ জন রিমান্ডে

আজ সোমবার (২৪ জুলাই) ধানমন্ডি থানার মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক রেজাউল করিম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।
এরআগে গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের পাশ থেকে ককটেল বোমা সদৃশ বস্তুসহ ওই দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও গোয়েন্দারা।
তবে গ্রেপ্তারকৃতরা দাবি করছে, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ও কবিতার সিডি এবং পেনড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে না পেরে ওই দুই ব্যক্তি (রবিবার) বিকেলে গায়ে আগুন দেয়াসহ ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণের চেষ্টা করেছে। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা গান ও কবিতার সিডি এবং পেনড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে চেয়েছিলেন। এই কাজের জন্য ধানমন্ডি-৩২ নম্বর জাদুঘরের আবুল কাশেম ওরফে কিশোর নামের একজন কর্মকর্তাকে তারা ৩৫ হাজার টাকাও দিয়েছিলেন।
তবে টাকা নেয়ার এক বছর পার হলেও লেখা গান ও কবিতা প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারেনি তারা। পরে অভিমানে ও ক্ষোভে হালিম রাজ ও আব্দুল হালিম নামের দুজন নিজেরদের গায়ে আগুন দেন ও ধানমন্ডি-৩২ নম্বরে ককটেল বোমাসদৃশ্য বস্তু বিস্ফোরণের চেষ্টা করেন। একটি ককটেল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ হলে পুলিশ ঘটনাস্থল থেকে হালিম রাজ ও আব্দুল হালিমকে আটক করে ফেলে।

