বিদ্যালয়ে আসেন না শিক্ষিকা, অনুপুস্থিত দেখিয়ে বিপাকে প্রধান শিক্ষক

তার দাবি, ঠিকমতো বিদ্যালয়ে আসেন না সহকারি শিক্ষিকা। কর্তৃপক্ষের নির্দেশে একদিন অনুপুস্থিত দেখানোয় এখন তাকে যৌন হয়রানি মামলাসহ শাররীর নির্যাতনের ভয় দেখাচ্ছেন জিন্নাত আরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন সাতজন। বিদ্যালয়ের পাশেই শিক্ষিকা জিন্নাত আরার বাড়ি। একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান উদ্দিন বিপ্লব (বর্তমানে সাময়িক বরখাস্ত) তার বড়ভাই, সহকারি শিক্ষিকা খাদিজা খাতুন তার চাচী, শাহেনা বেগম ও মহিমা বেগম তার ফুফু। এদিকে জিন্নাত আরা ও তার পরিবারের শিক্ষকরা বিদ্যালয়ে ‘অনৈতিক সুবিধা’ আদায়ে হেরফের হলেই অন্য শিক্ষকদেরকে নানাভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষক নুর উদ্দিন তানভীর বলেন, বাড়ির দরজায় বিদ্যালয় হওয়ায় শিক্ষিকা জিন্নাত আরা ইচ্ছামতো বিদ্যালয়ে আসেন আবার বাড়ি চলে যান। কিছু বললে স্থানীয় মাস্তান দিয়ে হেনস্তাসহ নানা ধরণের ভয় দেখান। গত ১২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম মোবাইলে শিক্ষকদের উপস্থিতি যাচাইকালে শিক্ষিকা জিন্নাত আরাকে অনুপুস্থিত পান। তার নির্দেশে হাজিরা খাতায় অনুপুস্থিত দেওয়া হয়। এর জের ধরে জিন্নাত আরা আমার গায়ের দিকে তেড়ে আসেন এবং অকথ্য গালিগালাজসহ যৌন হয়রানি মামলার ভয় দেখাচ্ছেন। তার ভয়ে আমি তটস্থ, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
আরেক সহকারি শিক্ষক মামুনুর রশিদ বলেন, ‘শিক্ষিকা জিন্নাত আরার বড়ভাই সহকারি শিক্ষক হাসান উদ্দিন বিপ্লব বিগত সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এবং ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। এ ঘটনার জন্য জিন্নাত আরা ও তার ভাই আমাকে দায়ী করে বিভিন্ন সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে এসে নাজেহাল করে আসছেন এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়তে আমি হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি নিরাপত্তাহীনতায় আছি। ফলে ক্লাস শেষে বিদ্যালয়ে না বসে বাহিরে ঘুরাঘুরি করি।’
এদিকে সহকারি শিক্ষিকা জিন্নাত আর বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনির উদ্দিন। তিনি বলেন, ‘বাড়ির দরজায় বিদ্যালয় হওয়ায় স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে চলেন জিন্নাত আরা। তার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়া তাকে এ বিদ্যালয় থেকে অন্যত্র বদলীর জন্য কমিটি কর্তৃক রেজুলেশন করে কর্তৃপক্ষকে লিখতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনভাবেই তাদের অনিয়মের লাগাম টানা যাচ্ছে না। ফলে বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন তলানীতে নামছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। জিন্নাত আরাসহ তাদের পরিবারের শিক্ষকরা মন চাইলে বিদ্যালয়ে আসেন এবং হাজিরা খাতায় সই করে চলে যান। জিন্নাত আরার স্বামী মো. শরীফুল ইসলাম উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-সহকারি প্রকৌশলী হিসেবে কর্মরত এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সখ্যতা আছে। ওই শরীফুল ইসলামের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। এ বিষয়ে তদন্ত করে বিহীত ব্যবস্থা গ্রহণসহ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই।
এদিকে বারবার চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ থাকায় উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম ও সাময়িক বরখাস্ত সহকারি শিক্ষক হাসান উদ্দিন বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি।
তবে হাতিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, অভিযোগ পেয়ে সহকারি শিক্ষিকা জিন্নাত আরা বেগমকে শোকজ করা হয়েছে। অতিসত্ত্বর তাকে জেলা শিক্ষা কার্যালয়ে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, সহকারি শিক্ষক মামুনুর রশিদের দায়ের করা অভিযোগটি থানায় সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযুক্ত শিক্ষিকা জিন্নাত আরা বেগম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, একজন পুরুষ একজন নারীর কাছে কি চাইতে পারে। আমি তার (প্রধান শিক্ষকের) অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এখন তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) ফেরদৌসী বেগম বলেন, সহকারি শিক্ষিকা জিন্নাত আরা বেগমের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

