আলফাডাঙ্গায় ভ্যান চালককে কুপিয়ে জখম

আহত ভ্যান চালক বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় রয়েছেন। সম্প্রতি ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার উত্তর মালা জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। মিলন শেখ উত্তর মালা গ্রামের সিরাজ শেখের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে উত্তর মালা জামে মসজিদে মাসব্যাপী ইফতারের আয়োজন করে এলাকাবাসী। নিয়মিত মসজিদে এসব ইফতার বন্টনের দায়িত্ব পালন করেন মিলন শেখ। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার মসজিদে ইফতার বন্টন নিয়ে একই এলাকার কাশেম শেখের ভাগ্নে অপি মিয়ার (২০) সাথে তার বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। পরে অপি মিয়া তার আপন ভাই লিঙ্কন মিয়াকে সাথে নিয়ে মসজিদের বাহিরে মিলন শেখের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় মিলন শেখের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মসজিদের মুসল্লিরা মিলন শেখকে উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

