ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই

শনিবার সকাল ৬টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আসাদ জানান, মো. আব্দুল হাই বেশকিছু দিন ধরে লিভার জটিলতাসহ নানা রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে ব্যাংককের বামরুণগাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা যায়, মরদেহ দেশে আসার পরে সব আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বঙ্গবন্ধুর নির্দেশে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা তুলেছিলেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

