বাগেরহাটে মেয়ে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক বাবা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৃদ্ধ আনোয়ার বেপারী বলেন, প্রায় ১০ বছর আগে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোরাবাসতলা গ্রামের সেকেন্দার শেখের ছেলে মহিদুল শেখের (৩০) সঙ্গে পারিবারিকভাবে আমার ছোট মেয়ে তাসলিমা বেগমের (২৫) বিয়ে হয়। তাদের সংসারে সাব্বির (৭) নামে একটি ছেলে ও সামিয়া (৩) নামে একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মহিদুল শেখ আমার মেয়েকে মারধর ও নানাভাবে অত্যাচর করত।
এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে ও থানা পুলিশের মাধ্যমে কয়েকবার সালিশ-বৈঠকও হয়েছে। এরই মধ্যে গত ১৪ জুলাই রাত ৮টার দিকে একই এলাকার মহিত ব্যাপারির মাধ্যমে জানতে পারি, আমার মেয়ের লাশ মোংলা হাসপাতালে পড়ে আছে।
হাসপাতালে গেলে বলে লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানায় এসে দেখি মেয়ের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারপিট ও আঘাতের চিহ্ন। এ সময় থানার দারোগা বাহারুলকে আমার মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানাই। কিন্তু পুলিশ আমার কথার কোনো গুরুত্ব দেই না। তাই বাধ্য হয়ে প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গৃহবধূ তাসলিমার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

